বাহরাইনে সড়ক দুর্ঘটনায় মো. আরজু মিয়া (৫৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বাহরাইনের আল-দারাজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরজু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দক্ষিণ আরিফাইল গ্রামের আবদুল কাদিরের ছেলে। তিনি বাহরাইনে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের ছেলে মো. ফারুক মিয়া জানান, মঙ্গলবার বিকালে তার বাবার সঙ্গে মুঠোফোনে সর্বশেষ কথা হয়েছিল। এসময় তার বাবা (আরজু মিয়া) মুঠোফোনের ব্যালেন্স শেষ হয়ে যাওয়ায় তিনি টাকা রিচার্জ করার কথা বলে ফোন রেখে দেন। পরে রাতে পরিবারকে আরজু মিয়ার মুঠোফোন থেকে ফোন করে তার এক সহকর্মী বলেন, 'মুঠোফোনের টাকা রিচার্জ করে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার আরজু মিয়াকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।'
এদিকে স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়া স্ত্রী জোৎস্না বেগম বার বার বিলাপ করে মূর্ছা যাচ্ছেন। যত দ্রুত সম্ভব বাবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন ছেলে ফারুক মিয়া।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন জানান, ঘটনাটি শুনেছেন। তবে এ ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলতে পারেনি তিনি।
