‘আইনের শাসনের নিশ্চয়তাই জাতিকে উন্নত করে’

আপডেট : ১৫ অক্টোবর ২০১৫, ১৯:২৪
‘একটি জাতি কতটা উন্নত হলো এর পরিমাপ করা হয় দেশটিতে আইনের শাসন কতটা নিশ্চিত তার ভিত্তিতে। যে দেশে আইনের শাসন নেই, সে দেশ যতই অর্থনৈতিকভাবে সাবলম্বী হোক জাতি মর্যাদা পাবে না।’
 
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতি ভবনে সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসব কথা বলেন। এতে জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম আব্দুল হাই সভাপতিত্ব করেন।
 
প্রধান বিচারপতি বলেন, ‘ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।’ বিচারকরা নিরপেক্ষ রায় প্রদান করলে বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা ফিরে আসবে বলে এ সময় তিনি আশা প্রকাশ করেন।
 
বাগেরহাট আদালতে আশির দশকের আপিল মামলা নিষ্পত্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আইনজীবীদের সহযোগিতা ছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’
 
এতে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।