জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় উপর্যুপরি ছুরাকাঘাত করে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গুড় ব্যবসায়ী আহত আফাজউদ্দিন (৪২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার ভোরে পৌরশহরের কেসের মোড়ে আক্কেলপুর-জয়পুরহাট সড়কে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসক নাজমুল হক জানান, তার শরীরের বিভিন্ন অংশে ৩৪টি সেলাই দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে।
আফাজউদ্দিন জানান, বুধবার গুড় বিক্রি শেষে উপজেলার ভান্ডারিপাড়ার মজিরের বাড়িতে রাত্রিযাপন করেন। বৃহস্পতিবার ভোরে বাড়ি যাওয়ার উদ্দেশে হেঁটে আক্কেলপুর রেলস্টেশনে যাচ্ছিলেন। কেসের মোড়ে পৌঁছালে মোটরসাইকেলে চড়ে আসা তিনজন তার গতিরোধ করে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তারা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকেন। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে ছিনতাইকারীরা গুড় বিক্রির সাড়ে ছয় হাজার টাকা ছিনতাই করে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনের জানান, ছিনতাইকারীদের আটকে চেষ্টা চলছে।
