রাজশাহীতে পাঁচ পরিবহন শ্রমিককে আটকের প্রতিবাদে রাজশাহী থেকে সব রুটে যানচলাচল বন্ধ করে দেয়া হয়েছে। আটক শ্রমিকদের মুক্তি ও যে দুই পুলিশ কর্মকর্তা তাদের আটক করেছেন তাদের প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়। শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পাঁচ পরিবহন শ্রমিককে আটক করে পুলিশ। আটকের খবর জানতে পেরে নগরীর শিরোইল বাস টার্মিনালের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এ ঘটনায় হঠাৎ বাসচলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরিবহন শ্রমিক নেতারা জানান, বোয়ালিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও উত্তমকে প্রত্যাহার না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।
পরিবহন শ্রমিকরা জানান, নগরীর তালাইমারি এলাকা থেকে বোয়ালিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন পাঁচ পরিবহন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনা শ্রমিকরা জানতে পেরে বাস টার্মিনালের সামনে রাস্তা অবরোধ করেন। সেই সঙ্গে সব রুটে যানচলাচল বন্ধ হয়ে যায়।
পরে বোয়ালিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ওই পাঁচ শ্রমিককে ছেড়ে দেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন। অবরোধ তুলে নিলেও শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।
বোয়ালিয়া থানা পুলিশ সূত্র জানায়, তালাইমারি এলাকায় পাঁচ পরিবহন শ্রমিক তাস খেলছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত শ্রমিকরা হলেন- বাবু, ইসাহাক, সুমন, নয়ন। অপর একজনের নাম জানা যায়নি।
রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ার পারভেজ জানান, শুক্রবার ভোর থেকে রাজশাহী থেকে সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে। বোয়ালিয়া থানার দুই উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন ও উত্তমকে প্রত্যাহার না করা পর্যন্ত এ অবরোধ চলবে।
