চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ০৯:১৩
জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা অবহেলায় কৌশিলা রানী বর্মন (৩৫ ) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কৌশিলা সদর উপজেলার ভাদসা গ্রামের হরিপদ বর্মনের স্ত্রী।
 
মৃত কৌশিলা রানীর স্বামী হরিপদ বর্মন অভিযোগ করে বলেন, 'বৃহষ্পতিবার রাত ৮ টায় কৌশিলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অসুস্থ কৌশিলাকে বৃহষ্পতিবার ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর থেকে জরুরি রক্তের প্রয়োজন হলেও চিকিৎসকরা গুরুত্ব না দিয়ে কাল ক্ষেপন করতে থাকেন। এতে রক্ত শূন্যতায় রাতে তার মৃত্যু হয়। 
 
এ অবস্থায় নিহতের স্বজনসহ বেশ কিছু জনতা বিক্ষুব্ধ হয়ে উঠলে তাৎক্ষনিকভাবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল জরুরি বিভাগের কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. মাহবুবুল হক চিকিৎসা অবহেলায় কৌশিলা রানী বর্মনের মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন।