রাজন হত্যা: প্রধান আসামি কামরুল সিলেটে

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১১:৫৩
শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামকে সিলেটে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় তাকে সড়কপথে ঢাকা থেকে সিলেটে নিয়ে যাওয়া হয়।
 
সিলেট মহানগর পুলিশ কার্যালয়ে রাত সোয়া ১০টায় সংবাদ ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসান জানান, ২৪ ঘণ্টার মধ্যে রাজন হত্যা মামলার প্রধান আসামিকে আদালতে তোলা হবে।
 
সন্ধ্যায় কামরুলকে নিয়ে ঢাকা থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওনা দেয় পুলিশ।
 
এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলকে নিয়ে সৌদি আরব থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় পুলিশের ৩ সদস্যের টিম। গত সোমবার তারা কামরুলকে দেশে ফেরাতে সৌদি আরবে যান। ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে ফিরিয়ে আনা হয়েছে।
 
গত ৮ জুলাই সিলেটে শিশু রাজনকে চোর অপবাদ দিয়ে কামরুলসহ আরও কয়েকজন মিলে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করে। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ মোবাইল ফোনে ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়। এরপর থেকে সারাদেশে ক্ষোভের সঞ্চার হয়। এদিকে, ঘটনার দুই দিন পর ১০ জুলাই প্রধান আসামি কামরুল সেজেদ্দায় পালিয়ে যায়। প্রবাসী বাংলাদেশীরা সেখানে তাকে আটক করে।