নওগাঁর আত্রাইয়ে হত্যা মামলার পলাতক আসামি ও জেএমবি সদস্য সাইফুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ভোর রাতে উপজেলার পার-কাসুন্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত শফির সরদারের ছেলে।
আত্রাই থানার অফিসার ইনচাজ (ওসি) আব্দুল্লাহ আল মাউসুদ জানান, ২০০৪ সালে জেএমবি’র উত্থান হয় এলাকায়। সে সময় বাংলা ভাই সর্বহারা নিধন নামে হত্যা, মারপিট, লুটতরাজ, ভাংচুরে মেতে উঠেন। এসব কর্মকাণ্ডে সাইফুল ইসলাম সক্রিয় অংশ গ্রহণ করেন।
মামলার বিস্তারিত না বলতে পারলেও ওসি জানান, ওই সময় এলাকার একটি হত্যা মামলার অন্যতম আসামি তিনি। দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন সাইফুল। গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে, সাইফুল গ্রামের বাড়ি এসেছেন। এর ভিত্তিতে আজ শুক্রবার ভোর রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
