ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন ম্যাককালামও

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৫:৫৭

স্পট ফিক্সিংয়ের দায়ে অভিযুক্ত নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার লু ভিনসেন্ট ও ক্রিস কেয়ার্নসের বিপক্ষে ইংল্যান্ডের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে চলছে সাক্ষ্য গ্রহণ। মাত্রই কিছুদিন আগে লু ভিনসেন্ট শুনিয়েছিলেন, কিভাবে তাকে ম্যাচ পাতানোয় জড়িয়েছিলেন একসময়ের সতীর্থ কেয়ার্নস। এবার আরেক সাক্ষী এবং কেয়ার্নসের আরেক সাবেক সতীর্থ ব্রেন্ডন ম্যাককালাম দাবি করলেন, তাকেও স্পট ফিক্সিংয়ে জড়ানোর প্রস্তাব দিয়েছিলেন কেয়ার্নস!

বৃহঃস্পতিবার সাউথওয়ার্ক ক্রাউন আদালতে নিউজিল্যান্ড অধিনায়ক নিজেদের সম্পর্কের কথা পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘আমার বেড়ে ওঠার সময় কেয়ার্নস ছিলেন নিউজিল্যান্ডের মহাতারকা। তিনি আমার অন্যতম আদর্শ ছিলেন। পরে একসঙ্গে খেলতে গিয়ে আমরা দুজন বন্ধু হয়েছি, আমাদের পরিবারও বন্ধু হয়েছে।’

প্রায় আড়াই ঘন্টাব্যাপি এই সাক্ষ্য গ্রহনে ম্যাককালাম জানান, ‘২০০৮ সালের ঘটনা এটা। আইপিএলের প্রথম আসর শুরুর আগে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে আমি তখন কলকাতায়। এক সন্ধ্যায় কেয়ার্নস আমাকে ফোন করে বলেন, আমি তখন রিকি পন্টিংয়ের সাথে ছিলাম, তিনি জানালেন তিনিও কলকাতাতেই আছেন, কোন একটা ব্যবসায়িক প্রস্তাবের জন্য আমার সঙ্গে গোপনে দেখা করতে চান। সে আমাকে জিজ্ঞেস করেছিল আমি স্পট ফিক্সিংয়ের কথা শুনেছি কি না। আমি না বলার পর সে আমাকে ব্যাপারটা ব্যাখ্যা করল। আমি প্রথমে ব্যাপারটা মজা ভেবেছিলাম। আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে কী করতে হবে। সে জানালো, ইচ্ছে করে খারাপ খেলতে হবে।’

ম্যাককালাম বলেন, ‘কেয়ার্নস আমাকে স্পট ফিক্সিং করার জন্য ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পর্যন্ত দেয়ার প্রস্তাব করেছিল। আমি এই প্রস্তাবে রাজি হইনি, তবে আগ্রহ থেকেই জানতে চেয়েছিলাম কিভাবে এই টাকা নিউজিল্যান্ড থেকেই পাওয়া যাবে? এর বাইরে আমি আর কিছু জানিনা।’ প্রিয়.কম।