রাজশাহী মহানগরীর ডাশমারি মধ্যপাড়ার একটি পুকুর থেকে শিশু সুমনার (৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার রজব আলী ও মনোয়ারা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। শুক্রবার ভোর ৬টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শিশুটি নিখোঁজ ছিল। তখন থেকে খোঁজাখুজি করেও শিশুটিকে পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ভোর ৬টার দিকে শিশুটির লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পরে মতিহার থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শিশুটি পানিতে ডুবে মারা গেছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, 'শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।'
