সাবেক নাম্বার ওয়ান সুইজারল্যান্ডের রজার ফেদেরার গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ভেঙে ফেলা সম্ভব বলে জানালেন বিশ্বের এক নম্বর খেলোয়াড় সার্বিয়ার নোভাক জকোভিচ। পুরুষদের বিভাগে সর্বোচ্চ ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতে বর্তমানে সবার উপরে ফেদেরার। আর ১০টি গ্র্যান্ড স্ল্যাম সংগ্রহশালায় রয়েছে জকোভিচের।
তারপরও ফেদেরার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন জকোভিচ, ‘এটা অসম্ভব কিছু না। ফেদেরার রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম টপকে যাওয়া সম্ভব। ভবিষ্যতে সেটি করে দেখানোর লক্ষ্য আমার আছে।’
১৯৯৯ সাল থেকে পুরোদমে গ্র্যান্ড স্ল্যাম খেলছেন ৩৪ বছর বয়সী ফেদেরার। ক্যারিয়ারে এখন পর্যন্ত ১৭টি গ্র্যান্ড স্ল্যাম খেলেছেন তিনি। আর জিতেছেনও ঠিক ১৭টি গ্র্যান্ড স্ল্যাম। এরমধ্যে অস্ট্রেলিয়ান ওপেন চারটি, ফ্রেঞ্চ ওপেন একটি, উইম্বলডন সাতটি ও ইউএস ওপেন পাঁচটি। ফলে বর্তমানে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডের মালিক ফেদেরারই। ১৪টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের পিট সাম্প্রাস ও স্পেনের রাফায়েল নাদাল।
