ট্রেনে কাটা পড়ল বাছিরের শিক্ষক হওয়ার স্বপ্ন

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৭:২৬
 
ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের অলেছ মিয়ার মেধাবী ছেলে বাছির মিয়া। শিক্ষা জীবনে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত প্রতিটি পরীক্ষায় প্রথম বিভাগে উর্ত্তীণ হলেও অসংখ্য চাকুরির নিয়োগ পরীক্ষা দিয়ে সফলতার মুখ দেখেনি বাছির। এক বছর আগে বিয়ে করেছেন। স্ত্রী সন্তান সম্ভ্যবা। স্বপ্ন ছিল একজন আদর্শবান শিক্ষক হবেন। কিন্তু ট্রেনের নীচে কেটে টুকরো টুকরো হয়ে গেল তার সেই স্বপ্ন। নিভে গেল জীবন বাতি। স্বপ্ন স্বপ্নই থেকে গেল তার।
 
আজ শুক্রবার দুপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাড়ী ফিরার পথে আশুগঞ্জ রেলস্টেশনে মহানগর প্রভাতি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে  ট্রেনের নিচে কাটাপড়ে বাছিরের মর্মান্তি মৃত্যু হয়েছে। 
 
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ করে বাছির বাড়িতে আসার জন্য ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ঢাকাগামী মহানগর প্রভাতি ট্রেনে ওঠেন। এই ট্রেনটি আশুগঞ্জে যাত্রাবিরতি না থাকায় সিদ্বান্ত ছিল ভৈরব স্টেশনে নামবেন। কিন্তু মহানগর প্রভাতি ট্রেনটি আশুগঞ্জ স্টেশনের কাছে এসে গতি কমিয়ে দিলে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিচলে ট্রেনরে নীচে পড়ে যায় বাছির। চিৎকার শুনে স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ট্রেনটি চলে গেছে এবং রেল লাইনের উপর ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে বাছিরের মৃত দেহ।
 
নিহত বাছিরের চাচা হাবিববুর রহমান কান্না জড়িতকণ্ঠে জানান, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন শেষে বাছির ব্রাহ্মনবাড়িয়া থেকে ট্রেনে নিজ বাড়ি চরচারতলা ফিরিছল। আমার ভাইয়ের ছেলে বাছিরের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হল না। তার আগেই  তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো।
 
নিহতের বন্ধু শ্যামল জানান, শিক্ষা জীবনে বাছির প্রতিটি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে। কিন্তু অসংখ্য চাকুরির নিয়োগ পরীক্ষা দিয়েও সফলতার মুখ দেখেনি।তার স্বপ্ন ছিল একজন আদর্শবান শিক্ষক হওয়ার। সেই স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল।
 
আশুগঞ্জ রেলস্টেশনের সহকারি মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, আজ দুপুর ১টায়  ঢাকাগামী মহানগর ট্রেনটি আশুগঞ্জ রেল স্টেশন অতিক্রম করার সময় গতি কম ছিল। এ সময় ট্র্রেন থেকে অনেক যাত্রী নামতে থাকে। বাছির নামে এক যুবক সেখানে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলই তার মৃত্যু হয়। খবর পেয়ে আখাউড়া জিআরপি পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।