নভেম্বরে ফুটবলকে বিদায় জানাবেন রাউল

আপডেট : ১৬ অক্টোবর ২০১৫, ১৮:০২
 
রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রাউল গঞ্জালেস আগামী নভেম্বরে ফুটবলকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়েছেন। অবসরের প্রসঙ্গে রাউল বলেছেন, ‘লম্বা সময় ধরে ফুটবল আমার জীবনের অংশ হয়ে আছে। অবসরের সিদ্ধান্ত নেয়াটা সহজ নয়। কিন্তু আমি মনে করি, এটাই সঠিক সময়।’
 
বর্তমানে নিউ ইয়র্ক কসমসে খেলা রাউল ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে রিয়ালের হয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ আর ছয়টি লা লিগা শিরোপা জিতেছেন। এ বছরের এপ্রিলে নিউ ইয়র্ক কসমসের হয়ে নর্থ আমেরিকান সকার লিগে (এনএএসএল) অভিষেক হয় ৩৮ বছর বয়সী রাউলের। নভেম্বরে মৌসুম শেষে অবসর নেবেন এই স্ট্রাইকার।
 

রিয়ালের হয়ে ৭৪১ ম্যাচে ৩২৩ গোল করেছেন এই কিংবদন্তী। ১৯৯৬ সালে স্পেন জাতীয় দলে অভিষেক হয় রাউলের। দেশের হয়ে ১০ বছরের ক্যারিয়ারে ১০২ ম্যাচ খেলে ৪৪ গোল করেন তিনি।