ব্রাহ্মণবাড়িয়ায় বড় ভাইয়ের সঙ্গে শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ছোট ভাইয়ের দুই কান কেটে দিয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার কাছাইট গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার আহত মামুন মিয়া (২২) সদর উপজেলার কাছাইট গ্রামের শহীদ মিয়ার ছেলে।
ঘটনার অবতারণা
কয়েক মাস আগে কাছাইট গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে সাঈদ মিয়া গ্রামের আলিয়া মাদরাসা সংলগ্ন রতন মিয়া নামক মুদি দোকানির কাছে মোবাইল ফোন চার্জ করতে দেয়। চার্জ করার কোন এক সময় দোকান থেকে মোবাইলের ব্যাটারিটি চুরি হয়ে যায়। এ নিয়ে দোকানির সঙ্গে সাঈদের বাক্বিতণ্ডা হয়। এ সময় পাশের দোকানে বসে থাকা মামুনের বড় ভাই হুমায়ূন কবীর উভয়ের তর্ক থামাতে যায়। ওই ঘটনার জের ধরে সাঈদ তার পক্ষের লোকজন নিয়ে হুমায়ূনের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদেরকে পিটিয়ে আহত করেন। এসব ঘটনায় উভয়পক্ষ থানায় মামলা-পাল্টা মামলা করে। তবে সাঈদের মামলায় হুমায়ূন ও তার ছোট ভাই মামুনসহ পরিবারের পাঁচ সদস্য এক মাসের কারাভোগ করেন। চলতি বছরের রমজান মাসের শেষ দিকে তারা জামিনে বের হন।
স্থানীয় লোকজন ও মামুনের বড় ভাই হুমায়ূন কবীর জনান, শুক্রবার সকালে মামুন জেলা শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি গ্রামের কাঞ্চনপুর নামক স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সাঈদ ও কয়েকজন সহযোগী তার উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তার দুই কান কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় মামুনের বাবা শহীদ মিয়া বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
জেলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
