নভেম্বরের শুরুতেই সীমিত ওভারের কয়েকটি ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আইসিসি সভা শেষে দেশে ফিরে শুক্রবার এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আইসিসি সভাতেই জিম্বাবুয়ের সঙ্গে সিরিজের ব্যাপারটি চূড়ান্ত হয়েছে।
বিসিবি সভাপতি বলেন, ‘অস্ট্রেলিয়া না আসায় বিপিএলের আগে যে স্লটটা খালি আছে ওখানে জিম্বাবুয়ে আসছে। খেলা শেষ হবে (নভেম্বরের) ১৮ বা ১৯ তারিখের ভেতর।’
