গ্যাস সিলিন্ডার থেকে বাসে আগুন

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ০৯:২২
নারায়ণগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে রূপগঞ্জ উপজেলার ভুলতা গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত পৌনে ১০টার দিকে গ্লোরি পরিবহনের বাসে গ্যাস সিলিন্ডার থেকে হঠাৎ আগুন ধরে যায়। তাৎক্ষণিক আগুনের বিষয়টি টের পেয়ে বাস চালকসহ যাত্রীরা নেমে পড়েন। এক পর্যায়ে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। আধা ঘণ্টার মধ্যেই বাসটি পুড়ে যায়। কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছে। 
 
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলাম বলেন, 'চালকের অসাবধানতার কারণে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'