মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারের ৭টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। শুক্রবার মধ্যরাতে ৪০-৪৫ জনের সশস্ত্র ডাকাত দল পদ্মা পারের বাজারটির নৈশ প্রহরীদের বেঁধে রেখে স্বর্ণ, রূপা ও নগদ টাকা লুট করে নেয়। সিন্ধুকের চাবি দিতে বিলম্ব করায় স্বর্ণ কর্মকার শ্যামল পালকে (১৮) ধরালো অস্ত্র দিয়ে আঘাত ও বেদম প্রহার করে।
টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসেন জানান, কী পরিমান সোনা-রূপা বা টাকা লুট হয়েছে, তাৎক্ষনিক নিরুপন করা যায়নি। ধারণা করা হচ্ছে-ডাকাতি শেষে ওপারের শরীয়তপুর-মাদারীপুরের দিকে পালিয়ে গেছে ডাকাতরা। ডাকাতদের গ্রেফতারে বিশেষ অভিযান শুরুর প্রক্রিয়া চলছে।
প্রত্যক্ষদর্শী স্বর্ণের দোকান মালিক সুধীর মাঝি জানান, দোকানে তিনি ঘুমন্ত ছিলেন। রাত আনুমানিক পৌনে ২টার দিকে দরজা ভেঙ্গে ডাকাতদল ভেতরে ঢুকে সিন্ধুকের চাবির জন্য অস্ত্র দিয়ে আঘাত করে। পরে চাবি নিয়ে সিন্ধুক খুলে স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নেয়। পরে পাশের দোকানে হানা দেয়।
তিনি জানান, ডাকাতরা কয়েকভাগে বিভিক্ত হয়ে দোকানগুলোতে হানা দেয়। বাজারে ১০ জন নৈশ প্রহরী রয়েছে। ডাকাতরা তাদের মারধর করে বেঁধে ফেলে রাখে।
সুধীর মাঝি ছাড়াও ডাকাতি হয়েছে- লিটন ঘোষ, শঙ্কর সরকার, বিষু পাল, ফিরুপ চিত্তনিয়া, মিলন দাস ও লক্ষণ দাসের স্বর্ণের দোকানে। তবে বাজারের অন্য কোনো দোকানে যায়নি ডাকাতরা।
