‘মেসির সু্স্থতাই সবার আগে’

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১০:৪৭
বার্সেলোনার সাফল্য-ব্যর্থতা অনেকটাই লিওনেল মেসির উপর নির্ভর করে। কিন্তু নেই মেসি ইনজুরির কারণে মাঠের বাইরে অনেকদিন ধরে। তবে বার্সা কোচ লুইস এনরিকে নিশ্চিত, এর জন্য তারকা ফরোয়ার্ডকে মাঠে ফেরানোর বিষয়ে কেউই তাড়াহুড়ো করবে না।
 
স্পেনের লা লিগায় গত মাসে লাস পালমাসের বিপক্ষে হাঁটুতে ব্যথা পান বার্সেলোনার ফরোয়ার্ড। ধারণা করা হচ্ছে, আরও চার সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।  বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে একটি মাত্র ড্র পাওয়া আর্জেন্টিনার পরের প্রতিপক্ষ ব্রাজিল। ঘরের মাঠে আগামী ১৩ নভেম্বরের সেই ম্যাচে মেসিকে পেতে মরিয়া জেরার্দো মার্তিনোর দল।  এর নয় দিন পর স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। লিগের শুরুটা ভালো করতে না পারা স্পেন ও ইউরোপের চ্যাম্পিয়ন দলটিও তাদের সেরা খেলোয়াড়ের দ্রুত ফেরার অপেক্ষায় আছে।
 
বার্সেলোনা কোচ এনরিকেও মেসির দ্রুত ফেরার প্রত্যাশা করেন। তবে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড ঠিকঠাকভাবে সুস্থ হয়ে উঠলেই একমাত্র মাঠে ফেরানোর পক্ষে তিনি। আমি তার সঠিকভাবে সেরে ওঠা চাই। নির্দিষ্ট কোনো ম্যাচের আগে তার প্রস্তুত হয়ে ওঠা চাই না আমি।আমি নিশ্চিত, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও বার্সেলোনা মূলত মেসির ফিট হওয়া নিয়ে উদ্বিগ্ন। আমি নিশ্চিত (আর্জেন্টিনা কোচ) তাতা মার্তিনো তার পুরো সেরে ওঠা চায়। আমরা মেসির সেরা স্বার্থের কথাই ভাবছি। এএস স্পোর্টস।