নতুন ধরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসছে জনপ্রিয় ই-মেইল সেবা ইয়াহু মেইল। ইয়াহু অ্যাকাউন্ট কি’ নামের এই নিরাপত্তা ব্যবস্থা ভবিষ্যতে পাসওয়ার্ডের বিকল্প হয়ে উঠবে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি।
ইয়াহু অ্যাকাউন্ট কি সিস্টেমে ব্যবহারকারীর ডিভাইসটিই শনাক্তকরণ কি বা ভেরিফাইড কি হিসেবে বিবেচিত হবে। নতুন এই নিরাপত্তা ব্যবস্থা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরণের মোবাইল অপারেটিং সিস্টেমই সাপোর্ট করবে। ইয়াহু জানিয়েছে ভবিষ্যতে পাসওয়ার্ড ব্যবস্থা থেকে সরে আসতে কাজ করছে তারা। নতুন পদ্ধতি নিয়ে প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ডিলান কেসি বলেছেন এই ব্যবস্থা পাসওয়ার্ড পদ্ধতির চেয়ে বেশি নিরাপদ। কেননা অ্যাকাউন্ট কি ফিচার থেকে পাওয়া ভেরিফিকেশন কোড ছাড়া মেইলে প্রবেশ সম্ভব নয়।
নতুন লগ ইন ব্যবস্থায় কোন ব্যবহারকারী যদি ইয়াহু মেইলে প্রবেশ করতে চান তবে পাসওয়ার্ড এর পরিবর্তে ইয়াহু অ্যাকাউন্ট কি ফিচার থেকে এসএমএস এর মাধ্যমে পাওয়া কি এর মাধ্যমে মেইলে প্রবেশ করা যাবে। এ ক্ষেত্রে ব্যবহৃত ডিভাইসের মাধ্যমে মেইলে প্রবেশে হ্যাঁ বা না অপশন থাকবে। অর্থাৎ যদি অন্য কেউ ই-মেইলে প্রবেশ করতে চান বা হ্যাকের চেষ্টা করেন তবে সাথে সাথেই ব্যবহারকারী একই এসএমএস পাবেন। সে ক্ষেত্রে না অপশনের মাধ্যমে ব্যবহারকারী তার ই-মেইলে অন্যের প্রবেশ ঠেকাতে পারবেন। এছাড়া যদি ব্যবহারকারীর ভেরিফাইড ডিভাইসটি চুরি হয়ে যায় বা হারিয়ে যায় সে ক্ষেত্রে ব্যবহারকারী বিকল্প একটি অ্যাকাউন্ট বা ফোন নম্বরে এসএমএস পাঠিয়ে বা ইয়াহুতে মেইলের পাঠিয়ে অ্যাকাউন্ট ফিরে পেতে পারবেন। ইয়াহু নিউজ।
