বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ১৬টি শর্ত আমরা পূরণ করেছি। এখন তারাও বলে শর্ত পূরণ হয়েছে, কিন্তু আরো কিছু করতে হবে। শর্তের বাইরে কিছু করতে বলা হলে বাংলাদেশ কখনো করবে না।
শনিবার দুপুরে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ২৩তম ‘বিজ্ঞান সম্মেলন’ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, আমরা জিএসপি সুবিধা পাই সামান্য। এর পরিমাণ ২৩ মিলিয়ন ডলার। আর রফতানি করি ৫.৭ বিলিয়ন ডলার। যেখানে প্রায় ৬ বিলিয়নের মতো রপ্তানি, সেখানে ২৩ মিলিয়ন জিএসপি, এটা এতো গুরুত্বপূর্ণ না। এটা একটা ইমেজের প্রবলেম।
তিনি বলেন, যারা একদিন উপহাস করে বলেছিল বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, আজকে যখন দেখছে সেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সালে মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হব ও ২০৪১ সালে উন্নত দেশে। তারা আমাদেরকে একটু হিংসার চোখে দেখে। সেই কারণেই বিভিন্ন বাধা আসছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব। কোন বাধাই আমাদের অগ্রগতিকে বানচাল করতে পারবে না।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে অধিষ্ঠিত। তার প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পুরস্কারে ভূষিত হয়েছেন। আমাদের এক্সপোর্ট ভাল, রিজার্ভ ভাল, আমাদের রেমিটেন্স ভাল, সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে সবকিছুতে আমরা এখন এগিয়ে। অর্থনৈতিক, সামাজিক সামাজিক সকল খাতে আমরা পাকিস্তান এবং ভারত থেকে আমরা এগিয়ে। এমন সময়ে দুইজন বিদেশিকে হত্যা করে আন্তজার্তিক বিশ্বে আমাদের ছোট করার চেষ্টা করা হয়েছে। কিন্তু খুব শিগগিরই এই হত্যার রহস্য উদঘাটন হবে।
তিনি বলেন, যারা আন্দোলন করে ৫ জানুয়ারি নির্বাচন ঠেকাতে পারে নাই, ব্যর্থ হয়েছে; যারা ৯৩ দিন আন্দোলন-সংগ্রাম করে মায়ের কোল খালি করেছে, তারা মনে করেছে, আন্দোলন-সংগ্রাম এই সরকারের কিছু করা যাবে না। দুই-একটা বিদেশিকে হত্যা করলে আন্তজার্তিক বিশ্বে সংবাদ হবে। কিন্ত যখন প্রকৃত রহস্য বেরিয়ে যাবে এখানেও তারা ব্যর্থ হবে।
‘জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটরিয়ামে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং বাংলাদেশ বিজ্ঞান উন্নয়ন সমিতির সভাপতি প্রফেসর ড. শহীদ আখতার হোসেন।
