হাতিয়ার হরনী ইউনিয়নের বয়ারচর ফরেস্ট সেন্টার বাজার কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার সময় হামলা চালানো হয়েছে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ১৫ জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া চারজনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি প্রশাসক মুশফিকুর রহমান জানান।
অপহূতরা হলেন- নুরনবী(২২), তালুক(১৯), আকবর সর্দার(৩৫) ও আমিন(৩২)।
আহতরা হলেন- মুশফিকুর রহমান (৪০), নাসির খন্দকার (৪৫), চট্টু মাঝি (৫০), কুলসুমা বেগম (৩২), মেহরাজ (২৮), জাবের হোসেন (৩২), জসীম উদ্দিন (৩৫), সোহেল উদ্দিন (২৯), মনির উদ্দিন (২০), সমীর উদ্দিন (২২), ছালা উদ্দিন (৩০), সাখাওয়াত হোসেন (৩২), বোরহান উদ্দিন (২৫), মহিমা বেগম (২০) ও রোকসানা বেগম (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিয়া উপজেলার ১নং হরনী ইউনিয়নের বয়ারচর ফরেস্ট সেন্টার বাজার মাদ্রাসা কেন্দ্রে নতুন ভোটারদের ছবি তোলার সময় সীমানা বিরোধের কথা বলে রামগতি উপজেলার চরগজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান সুমন বাহিনীর লোকেরা অতর্কিত হামলা চালায়। এতে নির্বাচন কাজে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ১৫ জন গুরুতর আহত হয়। এসময় সন্ত্রাসীরা তিনটি দোকান ঘর, আটটি হোন্ডা, নির্বাচনী কাজে ব্যবহৃত ক্যামেরা, কম্পিউটার লুট করে নিয়ে যায় এবং চারজনকে অপহরণ করে নিয়ে যায়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: মইন উদ্দিন ও হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
