বগুড়ায় দুই দিনব্যাপী কবি সম্মেলনের সমাপ্তি

আপডেট : ১৭ অক্টোবর ২০১৫, ১৮:৫৪
সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপী কবি সম্মেলনের সমাপ্তি হয়েছে। 
 
সম্মেলনের শেষ দিন শনিবার জেলার ঐতিহাসিক মহাস্থানগড় পরিণত হয় কবি-লেখকদের মিলন মেলায়। সম্মেলনের কর্মসূচি কবিআড্ডায় সূচনা বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি কবি  ইসলাম রফিক।
 
এতে স্বরচিত কবিতা পাঠ, কৌতুক, গান, স্মৃতিচারণে অংশগ্রহণ করেন সমুজ্জল সুবাতাস পত্রিকার সম্পাদক কবি চৌধুরী বাবুল বড়ুয়া, কবি সম্পাদক রাজা সহিদুল আসলাম, কবি শিবলী মোকতাদির, কবি-শিশু সংগঠক আব্দুল খালেক, পান্ডব মনদেহী, সুজান সাম্পান, চয়নিকা সাথী, সায়মা হাবীব, নিখিল নওশাদ, রনি বর্মন, সতেজ মাসুদ, সমতোষ রায়, সামতান রহমান, মীর মাসুদ পারভেজ, আমির খসরু সেলিম, সিকতা কাজল, রাহমান মিজান, হাদিউল হৃদয় প্রমুখ।
 
উল্লেখ্য, শুক্রবার সংগঠনটির ২৭ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট ছড়াকার আলম তালুকদার। এতে প্রধান অতিথি হিসেবে কবি মুহম্মদ নূরুল হুদা উপস্থিত ছিলেন। সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী সভা, আনন্দ শোভাযাত্রা, স্বরচিত কবিতা পাঠ, সংগঠনের মুখপত্র “ঈক্ষণ” এর মোড়ক উন্মোচন, কবিতা আবৃত্তি, সেমিনার, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর সংগঠনটির পক্ষ থেকে পাঁচজনকে সম্মাননা প্রদান করা হয়। এরা হলেন, কবিতায় আহমেদ স্বপন মাহমুদ, ছোটগল্পে নূরুন্নবী শান্ত, শিশুসাহিত্যে আসলাম সানী, লিটল ম্যাগাজিন সম্পাদনায় মনিরুল মনির (লিটল ম্যাগাজিন-খড়িমাটি) এবং সাংবাদিকতায় অধ্যাপক মোজাম্মেল হক তালুকদার। দ্বিতীয় দিন কবিতাভ্রমণে থাকছে ঐতিহাসিক মহাস্থান গড় পরিদর্শন এবং কবি আড্ডা। বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী পর্বে সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার স্বাগত বক্তব্য রাখেন। জান্নাতুল ফেরদৌস তৃষার উপস্থাপনায় উদ্বোধনী কবিতা পাঠ করেন কবি শোয়েব শাহরিয়ার। কবি বজলুল করিম বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের বগুড়া জেলা সভাপতি তৌফিক হাসান ময়না শুভেচ্ছা বক্তব্য রাখেন। উদ্বোধনী সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।