কয়লা খনি দুর্নীতি মামলায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে অভিযুক্ত করা হবে না বলে জানিয়েছে দেশটির একটি বিশেষ আদালত। বিচার চলাকালে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়ার আবেদন জানানো হলে সেটাকেও নাকচ করে দেয়া হয়।
২০১২ সালে কয়লা খনি নিয়ে দুর্নীতির বিষয়টি প্রথম উঠে আসে। এ নিয়ে তদন্তে বলা হয়, স্বল্প মূল্যে কয়লা খনির স্বত্ব বিক্রি করে দেয়ায় ৩৩ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে ভারতের। খনি স্বত্ব বিক্রি করার প্রক্রিয়ার সঙ্গে মনমোহন সিং যুক্ত ছিলেন। তবে এ নিয়ে কোন রকম দুর্নীতিতে যুক্ত থাকার কথা অস্বীকার করে আসছেন তিনি।
ঝাড়খণ্ড রাজ্যের সাবেক মুখ্য মন্ত্রী মধু কোডা মনমোহনের প্রতি সমন জারি করতে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। তিনি নিজেও এই দুর্নীতি মামলার একজন আসামী। ভারতের কয়লা মন্ত্রণালয় নিজের কাছে রেখেছিলেন ৮২ বছর বয়সী মনমোহন। তাই এর সঙ্গে তিনি জড়িত থাকতে পারেন বলে আবেদনে উল্লেখ করেন মধু কোডা।
গত সেপ্টেম্বরে ভারতের সর্বোচ্চ আদালত ১৯৯৩ সালের পর দেয়া দুই শতাধিক কয়লা খননের লাইসেন্স বাতিল করে দেয়। আদালত জানায়, অবৈধভাবে এসব লাইসেন্স ইস্যু করা হয়েছিল। লাইসেন্সগুলোর বেশির ভাগই কংগ্রেস সরকারের সময় দেয়া হয়েছিল। সূত্র: বিবিসির
