গাইবান্ধায় সড়কে গাছ ফেলে ডাকাতি

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৩:২৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-সাহেবগঞ্জ আঞ্চলিক সড়কে গাছ ফেলে অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা যাত্রীদের বেঁধে রেখে তাদের কাছ থেকে ৫০ হাজার টাকার বেশি ও ৮টি মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়েছে। সাহেবগঞ্জ ইক্ষু খামার পুলিশ বক্স সংলগ্ন এলাকায় শনিবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। 
 
ডাকাতির কবলে পড়া সিএনজি অটোরিকশার যাত্রী ঘোপেন ঘোষ ও রুহুল আমিন জানান, শনিবার রাতে ব্যাটারী চালিত অটোরিকশা যোগে গোবিন্দগঞ্জ উপজেলা সদর থেকে আরও কয়েকজন যাত্রীসহ বাড়ি ফিরছিলেন। পথে সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় আগে থেকেই সড়কে গাছ ফেলে বেরিকেট সৃষ্টি করে রেখে ১০-১২ জনের একটি ডাকাত দল তাদের পথরোধ করে। ডাকাতরা অস্ত্রের মুখে তাদেরসহ আরও চার-পাঁচজনের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও কাছে থাকা পূজার মালামাল লুটে নেয়। এরপর তাদেরকে বেঁধে রাস্তার পাশে ফেলে রাখে।
 
সিএনজি অটোরিকশার যাত্রী সুশিল মহন্ত ও সুজন মহন্ত জানান, গোবিন্দগঞ্জ সিএনজি যোগে বাড়ি ফেরার পথে ওই এলাকায় তাদেরকেও আটক করে ডাকাতদল। সিএনজি চালক ও যাত্রীদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাত দল। এক পর্যায়ে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। 
 
গোবিন্দগঞ্জ থানার উপ-পরির্দক (এস আই) কল্যান চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ নিয়ে গোবিন্দগঞ্জ থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।