রাজকোটে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে স্থানীয় কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। অনগ্রসর কোটার দাবিতে আন্দোলনরত পতিদার আন্দোলন সমিতির নেতা হার্দিক প্যাটেলের ম্যাচ বানচাল করে দেওয়ার হুমকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
ম্যাচ শুরুর আগের দিন রাত দশটা থেকে ম্যাচ শেষ হওয়ার সময় পর্যন্ত মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। প্যাটেল কোটার জন্য আন্দোলনরত পতিদার আন্দোলন সমিতির নেতা হার্দিক প্যাটেল গত শুক্রবার হুমকি দেন, দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় দলকে তারা রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে ঢুকতে দেবে না। ২২ বছর বয়সী এই নেতা বলেন, তার এবং তার সমর্থকদের ম্যাচের টিকেট রয়েছে। তিনি প্যাটেল সম্প্রদায়ের প্রতি মাঠে উপস্থিত থাকার আহবান জানান। গত দুই মাস ধরে অনগ্রসর সম্প্রদায়ের কোটায় প্যাটেল সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করতে আন্দোলন করছে।
IMG0
এই হুমকি সামনে রেখেই রাজকোটের এই স্টেডিয়ামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। তবে কোনো বাধা ছাড়াই সেখানে ম্যাচ শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১৯ ওভার ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৮৯ রান করেছে ২ উইকেট হারিয়ে। এর আগে উড়িষ্যার বরাবতী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচের সময় দর্শকদের বোতল ছোড়াছুড়ির কারণে একঘন্টা খেলা বন্ধ ছিল। এনডিটিভি।
