নীলফামারীতে পরিবহন ধর্মঘট পালন

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৮:৩৮
নীলফামারী জেলায় রবিবার ‘সকাল-সন্ধ্যা’ পরিবহন ধর্মঘট পালন হয়েছে।
 
শনিবার জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সড়কে নসিমন-করিমন, থ্রি হুইলার চলাচল অবিলম্বে বন্ধ, শ্রমিকদের হয়রানি বন্ধসহ নানা দাবিতে এ পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
 
জানা গেছে, ধর্মঘটের কারণে জেলায় প্রায় ১৫টি রুটে বাস চলাচল বন্ধ ছিল। এতে করে চরম দুর্ভোগ পোহান জেলার যাত্রীরা। বাধ্য হয়ে অনেকেই রিকশা, ভ্যান, ইজি বাইক, ভটভটি-নছিমনে করে গন্তব্যে যান।
 
আরো জানা গেছে, ধর্মঘট শেষে সৈয়দপুর বাস টার্মিনালে এক শ্রমিক সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে জেলা বাস মালিক সমিতির শানু, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সড়ক সম্পাদক মমতাজ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
 
এ সময় বক্তারা অবিলম্বে দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।