যাজক লুক সরকার হত্যাচেষ্টা: ৪ জেএমবি সদস্য জেলহাজতে

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ১৯:৫৬
পাবনার ঈশ্বরদী উপজেলায় বাসায় ঢুকে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার চার জেএমবি সদস্যকে পাঁচদিনের রিমান্ড শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
 
রবিবার বিকেলে আসামিদের পাবনা আমলি আদালত-২ এ হাজির করা হলে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
 
এরা হলো, জেলা সদর উপজেলার সিংগা পালপাড়া গ্রামের জিয়াউর রহমান (৩৫), নাজিরপুর নিয়ামতুল্লাহপুর আব্দুল আলিম (৩৬), মজিদপুর মধ্যপাড়া গ্রামের শরিফুল ইসলাম ওরফে তুলিব (২২) ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঘবাড়িয়া গ্রামের আমজাদ হোসেন (৩০)।
 
এর আগে সোমবার অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ওই চার জেএমবি সদস্যকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ। পরদিন মঙ্গলবার শুনানি শেষে তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এছাড়া একইদিন গ্রেফতার অপর জেএমবি সদস্য রাকিবুল ওরফে রাব্বি যাজক হত্যাচেষ্টায় জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
 
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সকালে তিন যুবক মোটরসাইকেলে করে ঈশ্বরদী বিমানবন্দর সড়কে ফেইথ বাইবেল চার্চের যাজক লুক সরকারের ভাড়া বাসায় যায়। এ সময় ধর্মগ্রন্থ পাঠ শোনার কথা বলে ঘরের ভিতর ঢুকে তাকে গলা কেটে হত্যার চেষ্টা করে তারা। এরপর পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করে পুলিশ।