কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রমিজ উদ্দিন নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যুর হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
শিশুটির বাবা চকরিয়া উপজেলার পূর্ব কাকারার পাহাড়তলী এলাকার রফিক উদ্দিন জানান, রমিজ গত শনিবার একটি গর্তে পড়ে যায়। তাকে উদ্ধারের পর চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ওইদিন বিকেলে চিকিৎসকের পরামর্শে তাকে জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে রমিজ কিছুটা সুস্থ হয়ে উঠে। রবিবার রমিজের কানে একটি অপারেশন হওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই হাসপাতালের নার্স সুমি খাতুন রমিজকে একটি ইন্জেকশন পুশ করেন। এর পরপরই তার মৃত্যু হয়।
তিনি জানান, চিকিৎসকের পরামর্শপত্র অনুযায়ী ইনজেকশনটি বিকেলে পুশ করার কথা ছিল। কিন্তু নার্স সকালেই ওই ইনজেকশনটি পুশ করেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার আচার্য্য জানান, নিহতের অভিভাবকের পক্ষ থেকে লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. রফিকুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। প্রতিবেদন দাখিলে কমিটিকে তিনদিনের সময় বেঁধে দেয়া হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
