দেওয়ানগঞ্জে ২ বন্য হাতির মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০১৫, ২২:০৯
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দুটি বন্য হাতির মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাতে ডাংধরা ইউনিয়নের মাখনের চর গ্রামে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার সকালে স্থানীয়রা ভারত সীমান্তের কাছাকাছি বাংলাদেশের ভূখণ্ডে দুটি বন্য হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে উপজেলা প্রশাসনকে খবর দেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাতি দুটির মরদেহ উদ্ধার করে।
 
ডাংধরা ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মন্ডল জানান, কীভাবে হাতি দুটির মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ভারত থেকে হাতিগুলো আক্রমণের শিকার হয়। পরে এখানে এসে হাতি দুটি মারা যায়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, হাতি দুটির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে না পেলে এগুলোর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না।
 
পরিবেশবিদরা  জানান, হাতির তাণ্ডবে মানুষের ক্ষতি যেমন কাম্য নয়। ঠিক তেমনি হাতি নিধনও চরম অন্যায় ও অপরাধ। তাই সঠিক পদক্ষেপ গ্রহণ জরুরি বলে প্রতিবেশী রাষ্ট্র ও সরকারের প্রতি দাবি জানান তারা।