নওগাঁর রাণীনগরে আলোচিত ইদ্রিস আলী খেজুর হত্যা মামলার আসামি বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী জেএমবি সদস্য মোজাফ্ফর আলীকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার বাসষ্টান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোজাফ্ফর আলী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার চকজান গ্রামের চাঁন মোহম্মদের ছেলে। তিনি হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, ২০০৪ সালে নওগাঁ, নাটোর, রাজশাহী জেলার বিভিন্ন অঞ্চলে বাংলা ভাই সর্বহারা নিধন নামে হত্যাযজ্ঞ, লুটতরাজ, লুটপাট ও ভাংচুর চালান। তিনি সময় বাংলা ভাইয়ের অন্যতম সহযোগী মোজাফ্ফর আলী ছিলেন। বাংলা ভাইয়ের সঙ্গে থেকে এসব অপকর্মকাণ্ডে অংশ নেন। ওই সময় রাণীনগর উপজেলার সিম্বা গ্রামের বহুল আলোচিত ইদ্রিস আলী খেজুরকে ১৭মে টুকরা টুকরা করে উপজেলার ভিটি ক্যাম্পে হত্যা করে পুঁতে রাখে বাংলা ভাইসহ তার অনুসারীরা। এই হত্যা মামলার অন্যমত আসামি মোজাফ্ফর আলী।
ওসি আরও জানান, মোজাফ্ফর আলী সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি সংগঠনকে সংগঠিত করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাসষ্টান্ড এলাকা থেকে মোজাফ্ফর আলীকে গ্রেফতার করা হয়। তিনি হত্যা মামলাসহ কয়েকটি মামলার আসামি। এ ব্যাপারে থানায় জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
