‘রিয়াল মাদ্রিদের জন্য প্রস্তুত পিএসজি’

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১১:৩১
স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের বিপক্ষে ভালো খেলার জন্য প্রস্তুত বলে জানালেন ফ্রান্সের দল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) স্ট্রাইকার জাতান ইব্রাহিমোভিচ। আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স  লিগে গ্রুপ পর্বের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে পিএসজি। 
 
 
ঐ ম্যাচ নিয়ে ইব্রাহিমোভিচ বলেন, বিশ্বের সেরা দলের বিপক্ষে আমরা খেলবো। ঐ ম্যাচে ভালো পারফরমেন্স করার জন্য আমরা প্রস্তুত। চলতি মৌসুমে ফরাসি লিগে ১০ ম্যাচে অংশ নিয়ে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে বসে আছে পিএসজি। সর্বশেষ ম্যাচে ইব্রাহিমোভিচের জোড়া গোলে ২-০ গোলে বাস্তিতায়াকে হারিয়েছে তারা। এই জয়ের সুখস্মৃতি নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এ’-র হাইভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।  ঐ ম্যাচের জন্য পিএসজি পুরোপুরি প্রস্তুত বলে জানালেন দলের সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ। তিনি বলেন, বুধবারের ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন ধরনের এক ম্যাচ। নিজ মাঠে বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলবো। ঐ ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছি আমরা। ম্যাচে ভালো পারফরমেন্স করার জন্য আমরা প্রস্তুত। রিয়ালের বিপক্ষে আমাদের পরিকল্পনাগুলো কাজে লাগলেই ম্যাচ জয় সহজ হবে। এই গ্রুপে দু’টি করে ম্যাচ খেলেছে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। দু’টি ম্যাচেই জয় পেয়ে পূর্ণ ৬ পয়েন্ট করে সংগ্রহ রয়েছে দু’দলের অ্যাকাউন্টেই। তাই একে অপরকে ছাড়িয়ে যাবার সুযোগ তৈরি হয়েছে রিয়াল ও পিএসজির সামনে। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দখল করা যাবে। 
 
 
বিষয়টি বেশ ভালোই জানেন ইব্রাহিমোভিচ। তবে টেবিলের শীর্ষস্থান নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। তার চোখ জয়ের দিকে, আমাদের লক্ষ্য জয়। টেবিলের অবস্থান নিয়ে আমরা ভাবছি না। গ্রুপ পর্বে বেশক’টি ম্যাচ এখনো বাকী। সব ম্যাচ জিততে পারলেই সেরা দল হিসেবে পরের রাউন্ডে খেলা যাবে।  গ্রুপ পর্বের প্রথম লেগে বুধবারের পর আবার আগামী ৪ নভেম্বর দ্বিতীয় লেগে আবারো লড়বে রিয়াল মাদ্রিদ ও পিএসজি। বাসস।