স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

আপডেট : ১৯ অক্টোবর ২০১৫, ১৩:৪৪
যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে  আদালত।
 
সোমবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। 
 
আদালতের পিপি বাবু মোল্লা জানান, দণ্ডপ্রাপ্ত মিঠু দেওয়ান (২৪) সদরপুর উপজেলার শুকুর আলী দেওয়ানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
 
বাদীপক্ষের আইনজীবী দুলাল চন্দ্র সরকার জানান, বিয়ের তিনমাসের মাথায় ২০১০ সালে ১৩ মে রাতে স্ত্রী দুলুফা বেগমকে মিঠু ও তার স্বজনরা পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে।
 
দুলুফার দাদা সালাম তালুকদার ঘটনার পরদিন মিঠু ও তার বাবাসহ তিনজনকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত শেষে মিঠু ও তার বাবার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। 
 
মামলার বিচার চলার মধ্যেই মিঠুর বাবা শুকুর আলীর মৃত্যু হয়।