কোরীয় যুদ্ধে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের সদস্যদের সঙ্গে বিরল পুনর্মিলনের জন্য উত্তর কোরিয়ায় যাওয়ার আগে সোমবার দক্ষিণ কোরিয়ার প্রায় ৪শ’ নাগরিক একত্রিত হয়েছেন। এদের বেশীর ভাগই বয়স্ক। তাদের প্রায় সকলকে রাষ্ট্রের পক্ষ থেকে আগেই এ ব্যাপারে অবহিত করা হয়।
উত্তর কোরিয়ার অবকাশ কেন্দ্র মাউন্ট কুমগাংয়ে মঙ্গলবার এ বিরল পুনর্মিলন শুরু হচ্ছে। শেষ পর্যন্ত এটি অনুষ্ঠিত হলে, বিগত পাঁচ বছরের মধ্যে এটি হবে কেবলমাত্র দ্বিতীয় পুনর্মিলনের ঘটনা। দুই কোরিয়ার মধ্যে বিরাজমান উত্তেজনা প্রশমনে গত আগস্ট মাসে তারা একটি চুক্তিতে পৌঁছানোর ফলে এ পুনর্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উত্তেজনা তাদেরকে সশস্ত্র সংঘাতের দিকে ঠেলে দিয়েছিল। উল্লেখ্য, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধে লাখ লাখ লোক বিচ্ছিন্ন হয়ে পড়ে। ২০০০ সালে ঐতিহাসিক উত্তর-দক্ষিণ শীর্ষ সম্মেলনের পর দীর্ঘ কাঙ্খিত এ পুনর্মিলন কর্মসূচি শুরু হলেও এতে নির্বাচিতদের চাইতে অংশগ্রহনেচ্ছুদের সংখ্যা অনেক বেশি হওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়। বাসস।
