বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকায় অভিযান চালিয়ে ৮০০পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় আধাকেজি হেরোইনসহ অর্ধকোটি টাকার মাদকদ্রব্য উদ্ধারসহ দুই নারীকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫লাখ ৯৮হাজার টাকা ও ৮টি মোবাইল ফোন জব্দ করে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার বেলা ১২ টার দিকে তাদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শহরের চকসূত্রাপরু চামড়ার গুদাম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পুতু সরকারের স্ত্রী শাহীনুর বেগম ওরফে সালমা (৩২) ও গাবতলী উপজেলার নাউড়ামালা গ্রামের সবুজ মিয়ার স্ত্রী রওশন আরা (৩০)। তবে পুতু সরকারকে (৩৬) কে আটক করতে পারেনি র্যাব। তিনি র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএফএম আজমল হোসেন খান ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. মফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল রবিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের চকসূত্রাপুর চামড়ার গুদাম এলাকায় র্যাবের তালিকাভূক্ত পাইকারি মাদক বিক্রেতা পুতু সরকারের বাসায় অভিযান চালায়। এ সময় ওই বাসা থেকে ৪৫লাখ টাকা মূল্যের ৪৫০গ্রাম হেরোইন এবং প্রায় ৪ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ ৮০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। একই সঙ্গে জব্দ করা হয় মাদকদ্রব্য বিক্রির নগদ ৫লাখ ৯৮হাজার টাকা ও মাদক বেচাকেনার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন।
বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন যাবৎ ইয়াবা এবং হেরোইনসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য বগুড়া জেলা সদরসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিল বলে প্রাথমিকভাবে র্যাবকে জানিয়েছে। উদ্ধারকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পলাতক পুতু সরকারসহ গ্রেফতারকৃত দুই নারীর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুতু সরকারকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
