ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন বলেছেন, ঢাকার জলাবদ্ধতা নিরসনে ধনী দেশগুলোর সহায়তা চাওয়ার হয়েছে। এব্যাপারে তাদের কাছ থেকে প্রয়োজনীয় আশ্বাসও পাওয়া গেছে।
স্থানীয় সময় রবিবার নিউইয়র্কের এস্টোরিয়ার ক্লাব সনমে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
মার্কিন পররাষ্ট্র দফতরের আমন্ত্রণে ওয়াশিংটনে ‘আওয়ার সিটি’স, আওয়ার ক্লাইমেট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যান ঢাকা উত্তরের মেয়রের আনিসুল হক এবং দক্ষিণের মেয়র সাঈদ খোকন। রবিবার নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা সভায় যোগ দেন খোকন।
মেয়রের দায়িত্ব নেওয়ার পর ঢাকার সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছেন এবং এজন্য একুট সময় প্রয়োজন বলে উল্লেখ করে সাঈদ খোকন বলেন, আমাদের নানাবিধ সমস্যা রয়েছে। ঢাকা শহরে ৫৬টি পরিষেবামূলক সংস্থা রয়েছে। কিন্তু একটির সঙ্গে আরেকটির সমন্বয় নেই।
তিনি বলেন, জলাবদ্ধতা সমাধানে ঢাকা শহরে ১৪টি দফতর রয়েছে। জলাবদ্ধতা নিরসনের মূল দায়িত্ব ঢাকা ওয়াসার। এ ব্যাপারে ঢাকা সিটি করপোরেশনের তেমন কিছুই করার নেই। ঢাকার সমস্যা সমাধানে রাজউক ও সিটি করপোরেশন যেমন রয়েছে, তেমনি অন্যান্য সাহায্যকারী সংস্থাগুলোও রয়েছে। কিন্তু মানুষ যখন ভোট দেয় তখন তারা মেয়রের কাছেই বেশি আশা করে।
তিনি বলেন, সমস্যা যত বড়ই হোক, সবাইকে নিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করবো। ঢাকা শহরের মানুষ আমার সঙ্গে আছেন। তাই ঢাকা শহরের জলাবদ্ধতা আমরা সবাই মিলেই সমাধান করবো ইনশাল্লাহ। জলাবদ্ধ নিয়ে ২০টি সংগঠনের সঙ্গে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।
সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত সম্মেলনে যোগদানের অভিজ্ঞতা বর্ণনা করে সাঈদ খোকন বলেন, সম্মেলনে অংশগ্রহণকারী উন্নত দেশগুলোকে আমি বলেছি,আপনারা পারলে আমাদের শহরকে একটা সাহায্য-সহযোগিতা করো। তাদের কারিগরি সহায়তাও চেয়েছি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের সঞ্চালনায় সংবর্ধনা সভায় মেয়র সাঈদ খোকনকে বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
