প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং -এর ছবি বিকৃত করে ফেসবুকে দেয়ায় এবং কুরুচিপূর্ণ মন্তব্য প্রকাশ করায় কামরুজ্জামান নামের এক শিক্ষককে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দি থানা পুলিশ তাকে আটক করে।
আটক কামরুজ্জামান বরিশাল জেলার কোতয়ালীর থানার ইছাগুড়া গ্রামের রওশন আলী খানের ছেলে এবং দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক।
পুলিশ জানায়, দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কামরুজ্জামান তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং বিকৃত ছবি প্রকাশ করে। বিষয়টি সোমবার রাতে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নজরে আসে। এতে তিনি রাতেই ওই শিক্ষককে আটকের জন্য দাউদকান্দি থানার গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামানকে নির্দেশ দেন। বিষয়টি জানতে পেরে রাতেই কামরুজ্জামান পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে দাউদকান্দি মডেল থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, একজন শিক্ষক হয়ে এ ধরণের কাজ ক্ষমার অযোগ্য, এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন।
দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, আটককৃত শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি মামলার প্রস্তুতি চলছে।
