সাতক্ষীরার আশাশুনি উপজেলার গুচ্ছগ্রামে এক বিধবা নালীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার গভীর রাতে উপজেলার গাজীপুর গুচ্ছগ্রাম থেকে পুলিশ লাশটি উদধার করে।
নিহত গৃহবধূর নাম মনোয়ারা খাতুন (৩০)। তিনি একই গ্রামের আব্দুল খালেকের কন্যা।
আশাশুনি থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে রাতে গাজীপুর গুচ্ছগ্রামে নিজ বাড়ি থেকে মনোয়ারার লাশ উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, নিহত মনোয়ারার দেহে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, স্বামী আবুল কালাম মারা যাওয়ার পর থেকেই গুচ্ছগ্রামের একটি ছাপড়া ঘরে মনোয়ারা একাই থাকতেন। রাতের কোন এক সময় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে নিহতের পিতা খালেক সরদার দাবি করেন।
আশাশুনি থানার ওসি আজমল হুদা জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নিহত মনোয়ারার বাবা খালেক সরদার থানায় একটি মামলা দায়ের করেছেন।
