ব্যাংক গ্রাহকের টাকা লুট: অস্ত্রসহ আটক ৩

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৫:২৭
 
কুমিল্লায় ব্যাংকের দুই গ্রাহকের টাকা লুটের ঘটনায় পৃথক অভিযাস চালিয়ে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা ও থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
 
আটককৃতরা হলেন- আবু তাহের (২২), সহিদুল ইসলাম (২১) ও একরাম (২৮)। সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, গত ২০ সেপ্টেম্বর প্রাইম ব্যাংক লিমিটেডের কুমিল্লা মহানগরীর ছাতিপট্টি শাখা হতে শাসনগাছা এলাকার বাদল মিয়া নামের এক ব্যবসায়ী ১০ লাখ টাকা উত্তোলন করে বাসায় ফিরছিলেন।  রেইসকোর্স এলাকায় পৌঁছামাত্র ছিনতাইকারীরা পিস্তল ঠেকিয়ে তারা টাকা ছিনিয়ে পালিয়ে যায়।
 
এছাড়া ছিনতাইকারীরা গত রবিবার মহানগরীর পদুয়ার বাজার বিশ্বরোডস্থ পূবালী ব্যাংকের শাখা থেকে আরএফএল কোম্পানির প্রকৌশলী আনোয়ার হোসেন ১ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করে যাওয়ার পথে একইভাবে অস্ত্রের মুখে টাকা ছিনিয়ে নেয়।
 
সর্বশেষ গত সোমবার দুপুরে ঐ ছিনতাইকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার পূবালী ব্যাংক শাখার গ্রাহকদের টাকা ছিনতাইয়ের প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী আবু তাহের ও শহিদুল ইসলামকে আটক করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ছোরা ও একটি মোটর সাইকেল উদ্ধার করে।
 
এসআই শাহ কামাল আকন্দ জানান, ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যাংক গ্রাহকের টাকা লুট, ডাকাতির চেষ্টা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে কোতয়ালী ও সদর দক্ষিণ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তাদের দেয়া তথ্যমতে সোমবার রাতভর অভিযান চালিয়ে পুলিশ একরাম নামের আরো এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। তাদের অপর সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।