রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) তাদের মোবাইল ব্যাংকিং সেবার কার্যক্রম আরো বেশি গ্রাহক বান্ধব এবং সময়োপযোগী করতে ইতিবাচক। এ লক্ষ্যে বিশেষায়িত এই বাণিজ্যিক ব্যাংকটি তাদের কর্মীদের, আধুনিক সরঞ্জামাদি ও প্রযুক্তির ব্যবহারসহ বিভিন্ন প্রশিক্ষণের পদক্ষেপ গ্রহণ করেছে। রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমেদ সোমবার বিকালে প্রতিষ্ঠানটির আইসিটি ট্রেনিং ল্যাবরেটরিতে ব্যাংকটির ৪০টি শাখার কর্মীদের মোবাইল ব্যাংকিং সম্পর্কিত দুইদিন ব্যাপি এক প্রশিক্ষণের উদ্বোধনকালে তিনি একথা জানান।
তিনি আরো জানান, ব্যাংকটির এ উদ্যোগে ডাচ বাংলা ব্যাংক (ডিবিবিএল) তাদের প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। ব্যাংকটির আইসিটি বিভাগ আয়োজিত প্রশিক্ষণটির মূল উদ্দেশ্য হলো শাখা ব্যবস্থাপক ও অন্যান্য কর্মীদের কম্পিউটার ও সফ্টওয়ারের ব্যবহার সম্পর্কে ধারণা প্রদানের মাধ্যমে তাদেরকে মোবাইল ব্যাংকিংয়ে আরো বেশি দক্ষ ও যোগ্য করে গড়ে তোলা।
ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (আইসিটি) মিজানুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, ডাচ বাংলা ব্যাংকের সহকারি ভাইস প্রেসিডেন্ট ফরহাদ মাহমুদ, আঞ্চলিক ব্যবস্থাপক মোজাফ্ফর হোসেন এবং জেলা ব্যবস্থাপক সৈয়দ আলী এনতাজ।
রাকাবের ব্যাংকিং কার্যক্রম রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার কৃষি ও কৃষি সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রের উন্নয়নে বৃহত্তর উন্নয়ন সহযোগীতা প্রদান করে আসছে। এ সময় মঞ্জুর আহমেদ বলেন, রাকাব তাদের মোবাইল কার্যক্রম ২০১৪ সাল থেকে শুরু করেছে এবং এর মোট ৩৭৭টি শাখার মধ্যে ১৩২ টি শাখাই এই আধুনিক সুবিধা দিয়ে আসছে।
