গাইবান্ধায় স্ত্রীর যৌতুক বিরোধী মামলায় মো. জেলাল মিয়া (৩৬) নামে এক ব্যক্তিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ প্রদাণ করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা সিনিয়র জুডিশিয়াল-২ (ফুলছড়ি) আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জেলাল মিয়ার জেলা সদর উপজেলার চুনিয়াকান্দি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণাকালে তিনি আদালতে অনুপস্থিত থাকায় গ্রেফতারের দিন থেকে সাজার মেয়াদ শুরু হবে বলে রায়ে উল্লেখ করা হয়।
স্ত্রী শোভা রানীর আইনজীবী মো. জাহাঙ্গীর হোসেন জানান, ২০১২ সালে ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামের কাওছার আলীর মেয়ে শোভা রাণী ও জেলা সদর উপজেলার জেলাল মিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন।তারপর থেকে জেলাল মিয়া স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু শোভা রাণীর বাবা ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ কারণে জেলাল মিয়া বাবার বাড়িতে পাঠিয়ে দেয় স্ত্রী শোভা রাণীকে। ২০১৪ সালে শোভা রাণী বাদী হয়ে যৌতুক বিরোধী আইনে আসামির বিরুদ্ধে আদালতে মামলাটি করেন।
