বাগেরহাটে আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৯:৪৩
বাগেরহাটের রামপাল উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুল মাজেদ সরদারকে (৬৩) জবাই করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মাজেদ সরদার উপজেলার রাজনগর গ্রামের মৃত আক্কাস সরদারের ছেলে। তিনি উপজেলার রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
 
সোমবার রাতে উপজেলার কালিকাপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থলের আশপাশের চিংড়ি খামার থেকে তিন পাহারাদারকে আটক করেছে। এরা হলেন, কালিকাপ্রসাদ গ্রামের রবি ইজারাদা (২৮), একই গ্রামের ইলিয়াস শেখ(৩০) ও বুলবুনিয়া গ্রামের আলম লসকার (২৮)।
 
এলাকাবাসী জানায়, আব্দুল মাজেদ সরদার উপজেলার রাজনগর গ্রামের বাড়ি থেকে ওইদিন রাত নয়টার দিকে পাশের কালিকাপ্রসাদ গ্রামে তার চিংড়ি খামারে যাচ্ছিলেন। পথে নির্জন এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। পরে এলাকাবাসী চিংড়ি খামারের কাছে আওয়ামী লীগ নেতার জবাই করা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
 
এলাকাবাসী ও নিহতের ভাতিজা আবুল কালাম জানান, স্থানীয় প্রভাবশালী নেতারা সরকারি খালে অবৈধ বাঁধ দিয়ে চিংড়ি চাষ করে আসছে। এর বিরোধীতা করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
 
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,  মঙ্গলবার লাশের ময়না তদন্ত জেলা সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। জড়িত সন্দেহে কাউকে আটকও করা যায়নি। রহস্য উদঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।