বাগেরহাটে বৃদ্ধকে হাত-পা বেঁধে নির্যাতন

আপডেট : ২০ অক্টোবর ২০১৫, ১৯:৫৪
জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক পুলিশ সদস্যের বৃদ্ধ বাবাকে হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন চালিয়েছে প্রতিপক্ষরা।
 
মঙ্গলবার সকালে মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে। 
 
একালাবাসী জানায়, উপজেলা দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা আ. খালেক আকনের (৭৫) সঙ্গে প্রতিপক্ষ মালেক আকনের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে এদিন সকালে প্রতিপক্ষ মালেক আকন ও তার দুই ছেলে মিলে আ. খালেক আকনের হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। এক পর্যায় তিনি অচেতন হয়ে পড়লে হাত-পা বাঁধা অবস্থায় তাকে পানিতে ফেলে দেয়া হয়। এতে তার স্ত্রী পরিতোন বিবি (৬০) বাধা দিলে তাকেও মারপিট করা হয়। এক পর্যায় তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
 
খালেক আকনের ছেলে চট্টগ্রামের বোয়ালখালী থানার কনস্টেবল আসাদুল আকন বলেন, ‘তিনি দূরে চাকরি করেন এবং পরিবারের অন্য ভাই বোনেরা বাড়িতে না থাকার সুযোগে এর আগেও একাধিকবার তার বাবা-মাকে মারধর করেছে প্রতিপক্ষরা।’ এ সময় তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
 
তবে অভিযুক্ত রাসেল ও মাসুদের বক্তব্য পাওয়া না গেলেও তার পরিবারের পক্ষ থেকে বিষয়টিকে সামান্য হাতাহাতি বলে দাবি করা হয়।
 
শরণখোলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. রেজাউল করিম বলেন,  ‘নির্যাতিত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’