নাশকতার মামলায় মেহেরপুর জেলা বিএনপি-জামায়াতের ৮১ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার বিকালে বিএনপি-জামায়াতের এসব নেতাকর্মীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। আদালতের বিচারক রবিউল হাসান তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদের মধ্যে রয়েছেন জামায়াতের রাজনৈতিক বিষয়ক সম্পাদক ও মুজিবনগর উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হুসাইন, জেলা বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক গিল্টি বিশ্বাস, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমির।
আদালত সূত্রে জানা গেছে, পুলিশের দায়ের করা একটি নাশকতা মামলায় ১০৩ জন আসামির মধ্যে ৯৬ জন উপস্থিত আছে উল্লেখ করে আদালতে জামিনের আবেদন করনে। পরে গননা করে ৮১ জন আসামি পাওয়া যায়। ২০১৩ সালের মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের দিনদত্ত ব্রিজ এলাকায় গাছ কাটা, সড়কে আগুন জ্বালানো ও ফাইবার অপটিক্যাল ক্যাবল কেটে অবরোধ করে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। সে ঘটনায় ১০৩ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে পুলিশ ( জি আর মামলা নং ৭৯৫/২০১৩) মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জামিনে ছিলেন। পরে আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করেন।
পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য বলেন, 'বিজ্ঞ বিচারক ন্যায় বিচারের স্বার্থে নাশকতার মামলার আসামিদের অন্তবর্তীকালিন জামিন বাতিল করে মঙ্গলবার বিকাল ৬ টার দিকে কারাগারে পাঠিয়েছে।
আসামীপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, 'আদালতের বিচারক মনে করেছেন তাদের জামিন দেয়া যাবে না তাই দেয়নি।' আদালতের বাইরে আর কিছু বলার নাই বলে তিনি জানান।
