রাকিতিচের জোড়া গোলে বার্সার জয়

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১০:৫১
বাতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম একাদশে ছিলেন না বার্সেলোনার মিডফিল্ডার ইভান রাকিতিচ। সার্জি রবার্তোর ইনজুরির সুযোগে দ্বিতীয়ার্ধের শুরুতে নামা এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের জোড়া গোলেই শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বেলারুশ থেকে ফিরেছে ক্যাটালান ক্লাবটি।  
 
প্রথমার্ধে নেইমারের অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও গোলশূন্য ভাবে শেষ হয়। সার্জি রবার্তো ইনজুরির কারণে মাঠ ছাড়তে হওয়ায় বিশ্রাম পাওয়া রাকিতিচকে মাঠে নামতে হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই নেইমারের বাড়িয়ে দেওয়া বল বক্সের বাইরে থাকা রাকিতিচ  সেখান থেকেই শট নেন। বাতের গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল তার নিশানা খুঁজে নেয় । এরপর ৬৪ মিনিটে আরো একটি গোল করেন তিনি। এবারও তার গোলের যোগানদাতা নেইমার।
 
IMG0
 
বার্সেলোনার ২-০ গোলের এই জয় ম্যাচে তাদের আধিপত্য বোঝাতে পারছে না।  ইনিয়েস্তা-মেসির মতো গুরুত্বপুর্ণ খেলোয়াড়দের ছাড়াই বার্সার বলের দখল ছিল ৭৪ শতাংশ! বার্সা লক্ষ্যে শট নিয়েছে ৬ টি আর বাতে মাত্র ১টি। এছাড়া পুরো ম্যাচে বার্সার খেলোয়াড়েরা ৭৫২ টি পাস দিয়েছে যার ৮৯ শতাংশই ছিল সঠিক। অপরদিকে বাতের পাসের সংখ্যা মাত্র ২৭২ টি যার আবার ৬৭ শতাংশ সঠিক ছিল। বার্সেলোনা কর্নার আদায় করেছে ৯ টি আর বাতে একটিও না।
 
 
এ জয়ের ফলে ৩ ম্যাচের দুটিতে জিতে একটিতে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। গোল ডটকম।