বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৬:১৬
পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবু হানিফ (২০) নামের এক যুবক খুন হয়েছেন। বুধবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ নিহতের চাচাতো ভাই রনি (২৫) এবং তার বাবা মিয়াজ উদ্দিনকে(৪৮) আটক করেছে। নিহত আবু হানিফ বগুড়ার শাজাহানপুর উপজেলার  গন্ডগ্রাম দক্ষিণ পাড়ার মোতালেব হোসেনের ছেলে।
 
জানা গেছে, নিহত আবু হানিফের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার চাচাতো ভাই রনির বিরোধ চলছিল। দুই মাস আগে রনি আবু হানিফকে ছুরিকাঘাত করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করা হয়। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ফুলদীঘি এলাকায় আবু হানিফকে একা পেয়ে রনি তার পেটে ও পিঠে  ছুরিকাঘাত করে পালিয়ে যায়। হানিফকে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
 
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বুধবার সকালে এলাকাবাসীর সহযোগিতায় নিহতের চাচাতো ভাই রনি ও তার বাবা মিয়াজ উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।