আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ‘হ্যান্ডলড দ্য বল’ হয়েছেন জিম্বাবুয়ের চামু চিবাবা। ওয়ানডে ক্রিকেটের ৪৪ বছরের ইতিহাসে এই আউটের শিকার তৃতীয় ব্যাটসম্যান তিনি।
মঙ্গলবার বুলাওয়েতে আফগানিস্তানের ২২৩ রান তাড়া করতে গিয়ে তখন ১৮ রান নিয়ে খেলছিলেন জিম্বাবুয়ের ওপেনার। ইনিংসের দশম ওভারে আমির হামজার বলে ঠিকমত টাইমিং করতে ব্যর্থ হন তিনি। এ সময় বল উইকেটে পড়ে ফিরে আসছিল স্টাম্পে। মুহূর্তের জন্য হয়ত নিজেকে সামলাতে পারেননি চিবাবা। হাত দিয়ে প্রায় ক্যাচের মতো ধরে সরিয়ে দেন বলটিকে। পরে আফগান উইকেটকিপার মোহাম্মদ শাহজাদের আবেদনে আঙুল তুলতে বাধ্য হন আম্পায়ার।
৩ হাজার ৬৯৬ ম্যাচের ওয়ানডে ইতিহাস আগে মাত্র ২ বার দেখেছে এই আউট। প্রথমটি হয়েছিল ১৯৮৬ সালে। মেলবোর্নে আউট হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার মহিন্দর অমরনাথ। এই আউটের দ্বিতীয় শিকার দক্ষিণ আফ্রিকার ড্যারিল কালিনান।
