সিঙ্গাপুরের জাদুঘর একাদশ শতাব্দীর একটি মূর্তি ভারতকে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ধারণা করা হয়, দক্ষিণ ভারতীয় একটি দেবীর চুরি যাওয়া মূর্তি এটি।
এশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম ২০০৭ সালে সাড়ে ছয় লাখ ডলারে ব্রোঞ্জমূর্তিটি নিউ ইয়র্কের আর্ট অব দ্যা পাস্ট নামে এক প্রতিষ্ঠানের কাছ থেকে কিনেছিল। নিউইয়র্কের পুরনো শিল্পকর্ম বিক্রির প্রতিষ্ঠানের ম্যানেজার পরে স্বীকার করেন যে, তিনি ভারত থেকে চুরি করে আনা পুরাতাত্ত্বিক ভাস্কর্য বিক্রি করেছিলেন।
ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভারত থেকে প্রাচীন নিদর্শন চোরাচালানের দায়ে একটি মামলা ২০১২ সালে আদালতে উঠলে বিষয়টি প্রথম সামনে আসে। উমা পরমেশ্বরী নামে এক হিন্দু দেবীর ওই মূর্তিটি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর একটি শিবমন্দির থেকে চুরি হয়েছিল।
সিঙ্গাপুরের জাদুঘর ভারত থেকে আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর চোলা সাম্রাজ্যের এই মূর্তিটি ভারতকে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়। ভারত সরকারের পুরাতাত্ত্বিক বিভাগ ও সিঙ্গাপুরের জাতীয় হেরিটেজ বোর্ড-এর মধ্যে আলোচনার পর এই মূর্তিটি ফেরত পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
জাদুঘরের দেয়া এক বিবৃতিতে বলা হয়, যদিও এই মূর্তিটি তামিলনাড়ুর শিবমন্দির থেকেই চুরি গিয়েছিল এমন অকাট্য প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু আর্ট অব দ্যা পাস্ট কোম্পানির ম্যানেজার অ্যারন ফ্রিডম্যান-এর দেয়া স্বীকারোক্তি তারা আমলে নিয়ে মূর্তিটি ফিরিয়ে দিতে রাজি হয়েছে। সূত্র: বিবিসি
