উল্লাপাড়ায় নারী পরিচালিত দুর্গোৎসব

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ২০:১৯
 
উল্লাপাড়া পৌরশহরে আদি মায়া মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হয় শুধু সনাতন ধর্মালম্বী নারীদের পরিচালনায়। শতবর্ষী এই মন্দিরে ২০১০ সাল থেকে ঘোষগাঁতী মহল্লার নারীরা শারদীয় দুর্গোৎসব করে আসছে। ইতোপূর্বে এখানে নারী-পুরুষ সম্মলিতভাবেই পূজা হত। নারীদের উদ্যোগ ও আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হওয়ায় নারী দর্শনার্থীদের উপস্থিতি বেশি লক্ষ করা যায়। শুধু নারীরাই এখানে পূজা অর্চনা, আরতি, উৎসব করে থাকে। এ জন্য অন্যান্য পূজামণ্ডপগুলোর তুলনায় আদি মায়া মন্দিরটি বেশি আকর্ষণীয় ও আলোচিত।
 
আদি মায়া মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিজলী রাণী দাস জানান, ২০১০ সালে মন্দির পরিচানলা কমিটির একাংশ আলাদা হয়ে গেলে পাড়ার নারীরা এই মন্দিরে দূর্গোৎসব অনুষ্ঠানের আয়োজন শুরু করে। সেই থেকে তারা এখন পর্যন্ত দূর্গা পূজা করে আসছে। এ বছর এই পূজা অনুষ্ঠানের বাজেট দেড় লাখ টাকা। এর মধ্যে সরকারি অনুদানের পরিমান মাত্র ১১ হাজার টাকা। বাকি অর্থ মন্দির পরিচালনা কমিটির সদস্য ও পাড়ার ভক্তমন্ডলী যোগান দিয়ে থাকেন।