‘সরকারি কেনাকাটা আইন শিগগিরই সংশোধন হবে’

আপডেট : ২১ অক্টোবর ২০১৫, ১৯:২৭
 
সরকারি কেনাকাটায় অনিয়ম রোধে শিগগিরই আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঢাকা সফররত এশিয়া-প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং (এপিজি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বুধবার অর্থমন্ত্রীর বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠক বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বৈঠকে এপিজি চারটি ক্ষেত্রে বাংলাদেশের দুর্বলতা বা ঘাটতির কথা উল্লেখ করেছে। এগুলো হলো—সরকারি কেনাকাটায় দুর্বলতা, সোনা চোরাচালান প্রতিরোধ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দুর্বলতা এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয় তদন্তে দুর্নীতি দমন কমিশনের শিথিলতা।
 
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সরকারি কেনাকাটায় দুর্বলতা আছে। খুব শিগগিরই এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেয়া হবে। সোনা চোরাচালান প্রতিরোধে তেমন জোর দেয়া হয়নি। এটি নিয়ে তেমন কাজও করা হয়নি। আগামীতে এ বিষয়ে জোর দেয়া হবে।’
 
অর্থমন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিষয়ে তারা (এপিজি) অভিযোগ করেছে যে, মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন সংক্রান্ত বিষয় তদন্তে দুদকের কার্যক্রম আগের তুলনায় কমে গেছে।’
 
 রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সমস্যার কথা এপিজি জানে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দুর্বলতা কাটিয়ে উঠতে আমি একটা পরিকল্পনা নিয়েছি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তার মতামত পাওয়া গেলে দুই মাসের মধ্যে পদক্ষেপ নেয়া হবে।’