রাজশাহী দুর্গাপুরে এক প্রতিবন্ধি শিশু (১২) ধর্ষিত হয়েছে। খেলনা দেওয়ার প্রলোভনে মঙ্গলবার বিকেলে বাড়িতে ডেকে নিয়ে ওই প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ করে একই গ্রামের আহাদ আলী (৪৫)।
ধর্ষণকালে শিশুটি জ্ঞান হারিয়ে ফেললে তাকে আহাদ আলী বাড়ির পাশের রাস্তা সংলগ্ন খাদে ফেলে দেয়। পরে সন্ধ্যার দিকে এলাকাবাসী তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয়। রাতে জ্ঞান ফিরলে শিশুটি তার ওপর পরিচালিত বর্বরতার বর্ণনা দেয়। বুধবার সকালে শিশুটিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়। শিশুটিকে রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ধর্ষিতা শিশুটি উপজেলার সাহাবাজপুর গ্রামের জনৈক আদম সুফির কন্যা। শিশুটি সাহাবাজপুর ব্র্যাক প্রি-প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধি শিক্ষার্থী। এ ঘটনায় ধর্ষিতার পিতা গ্রামের মাতব্বরদের কাছে বিচার চাইলে তাঁরা বিচার করতে অস্বীকৃতি জানায়।এদিকে শিশুটিকে হাসপাতালে ভর্তির পর থেকে ধর্ষকের পরিবার তাদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ওই শিশুর পিতা আদম সুফি।
যোগাযোগ করা হলে দুর্গাপুর থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, ভিকটিমকে রামেক হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। সেখান থেকে এজাহার পাঠানো হলে মামলা রেকর্ড করে আসামীকে গ্রেফতার করা হবে।
