মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২২ অক্টোবর ২০১৫, ১০:৪৮
মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কাজীপুর ফুটবল মাঠে গার্ড অফ অনার শেষে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কাজীপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে সমাধি করা হয়।
 
এর আগে বুধবার বিকাল সাড়ে ৫টায় বার্ধক্য জনিত কারণে নিজ বাড়িতে মারা যান তিনি। গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান তাকে রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করেন। এ সময় গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। মৃত্যুকালে তার স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন। 
 
মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবের জানাজায় অংশ নেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দবির উদ্দীন, সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, আমিরুল ইসলাম, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, মকলেচুর রহমান মুকুল, গাংনী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসানুল্লাহ মহন, মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন, গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, সহ-দফতর সম্পাদক আব্দুল আলীম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইফুজ্জামান শিপু, সৈনিকলীগ নেতা জিয়াউদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতা ও মুক্তিযোদ্ধারা।